Home আঞ্চলিক দিঘলিয়ায় খেয়া পারাপারে ইজারাদারের দ্বিগুণ ভাড়া আদায়, বিপাকে যাত্রীরা

দিঘলিয়ায় খেয়া পারাপারে ইজারাদারের দ্বিগুণ ভাড়া আদায়, বিপাকে যাত্রীরা

240

আসাদ, দিঘলিয়া প্রতিনিধি

খুলনা জেলার দিঘলিয়া উপজেলা একটি স্বনামধন্য অতিব গুরুত্ত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা। ভৈরব মজুদখালী ও আতাই নদ দ্বারা পরিবেষ্টিত দিঘলিয়া উপজেলা তিনটি ইউনিয়নের (দিঘলিয়া, সেনহাটি ও বারাকপুর) প্রায় দেড় লক্ষ মানুষ শিক্ষা, ব্যবসা, চাকুরী ও নিত্য প্রয়োজন মেটাতে খুলনা সদর সহ বিভিন্ন স্থানে আসা যাওয়ার জন্য বিভিন্ন ঘাট (দেয়ারা-দৌলতপুর, দিঘলিয়া-রেলিগেট, দিঘলিয়া-ফুলবাড়ীগেট, বারাকপুর-শিরমনি, আড়ুয়া-গাজিরহাট-সিদ্দিপাশা, কামারগাতি-কুলা, বাইশামার-পারহাজীগ্রাম, চন্দনীমহল-মোকামপুর, বার্মাশীল খেয়া ঘাট ইত্যাদি) দিয়ে প্রতিদিন নদী পারাপার হয়ে থাকে। প্রতিটি ঘাটে নৌকা পারাপারে প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন ইজারাদারের লোকজন।

অভিযোগ রয়েছে, স্থানীয় ইজারাদাররা কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের শুরু থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, আর এ নিয়ে প্রায় প্রতিদিনই যাত্রীদের সঙ্গে ভাড়া আদায়কারীদের কথা কাটাকাটিসহ নানান সমস্যা হচ্ছে। দেশ ব্যাপি লকডাউন চলাকালীন সময়ে ইজারাদার সরকার নির্ধারিত ভাড়ার থেকে পাঁচগুন/ছয়গুন অতিরিক্ত ভাড়া নিলেও প্রশাসন কিছুটা শৈথিল্য দেখায়, পরবর্তিতে সরকার লকডাউন শিথিল করলেও ইজারাদার ভাড়া আদায় কোথাও দুইগুণ কোথাও তিনগুণ অব্যাহত রেখে প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে।

ভুক্তভোগীদের সাথে কথা বলে খুলনাঞ্চলের প্রতিনিধি জানতে পারেন, সড়ক পথে খুলনা জেলা সদরে যাতায়াতের জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন এ অঞ্চলের ঘাট গুলি ব্যবহার করছে এবং উপজেলার তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষের নিত্য প্রয়োজনীয় মালামাল এ ঘাট গুলি মাধ্যমে পরিবহন করে। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে খেয়াঘাটের ইজারাদারদের লোকজন দ্বারা প্রতিনিয়ত খারাপ ব্যাবহার সহ শারিরীক নির্যাতনের শিকার হতে হচ্ছে। ঘাট গুলোর ইজারাদার প্রভাবশালী হওয়ায় কেউ লিখিত অভিযোগ জানাতে সাহস পায় না। এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা প্রশাসন বরাবর মৌখিক ভাবে অভিযোগ জানালে, ইজারাদারদের ডেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মসহবুবুল আলম, সরকার নির্ধারিত ভাড়া নিতে নির্দেশ দেয়, কিন্তু ইজারাদাররা অতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত রাখে।

এছাড়াও খুলনা জেলা প্রশাসকের ফেসবুক পেজ থেকে জানা যায়, গত ৮ই নভেম্বর ২০২০, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন নির্দেশনায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে দৌলতপুর বাজার খেয়াঘাট এবং দৌলতপুর ফেরিঘাটে যাত্রী পারাপারে অধিক ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট আইনের সংশ্লিষ্ট ধারায় ইজারাদারদের জরিমানা ও সতর্ক করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় বিস্তারিত জানতে খুলনাঞ্চলের প্রতিনিধি গত রবিবার ও সোমবার এ অঞ্চলের গুরুত্বপূর্ণ সাতটি খেয়া ঘাট যথাক্রমে দেয়ারা-দৌলতপুর, দিঘলিয়া-রেলিগেট, দিঘলিয়া-ফুলবাড়ীগেট, আড়ুয়া-গাজিরহাট, বাইশামার-পারহাজীগ্রাম, চন্দনীমহল-মোকামপুর ও বার্মাশীল ঘাট পারাপারের সময় অভিযোগের সত্যতা নিশ্চিত হয়। সরকারি নির্দেশনা উপেক্ষা করে একটি ঘাটেও সরকার নির্ধারিত ভাড়ার চার্ট ছিলনা। দৌলতপুর-দেয়াড়া খেয়া ঘাট পার হওয়ার সময় ইজারাদারের লোকজন অতিরিক্ত ভাড়া চাইলে সরকার নির্ধারিত ভাড়া ও কিছু দিন আগে খুলনা জেলা প্রশাসকের মেজিস্ট্রেট এর জরিমানার কথা স্বরন করিয়ে দিলে তারা জানায় প্রশাসনের সাথে বিষয় টা মিটমাট হয়ে গেছে, এখন অতিরিক্ত ভাড়া নিতে কোন সমস্যা নাই। ফুলবাড়ীগেট-দিঘলিয়া খেয়া ঘটের ইজারাদারের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারন জানতে চাইলে বলে, ভাড়া বেশি নেইনি এটাই ভাড়া, পার হতে হলে ইজারাদারের নির্ধারিত ভাড়া দিয়ে পার হতে হবে এবং দেখা যায় তিনটা মাত্র ছোট নৌকায় গাদাগাদি করে ২০/২৫ জন এক সাথে নদী পারাপার হচ্ছে। অন্যান্য ঘাট গুলোর অবস্থাও প্রায় একই রকম।

এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘাট গুলোর সাধারণত জেলা পরিষদ ও সিটি করপোরেশনের মাধ্যমে ইজারা দেওয়া হয়, তার সাধ্যের মধ্যে যতটুকু করা সম্ভব তিনি সে ব্যাবস্হা নিয়েছেন, এখন প্রশাসনে পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দেরও এগিয়ে আসতে হবে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. হাবিবুর রহমান অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ছোট্ট একটা নদী প্রতিবার পারাপারে এলাকার মানুষদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এ অভাবের দিনে একজন মানুষ কতই বা আয় করেন। এসব কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে। প্রতিটি ঘাটের ইজারাদার অতিরিক্ত ভাড়া নিচ্ছে, এ বিষয়ে তিনি স্থানীয় সাংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

খুলনা জেলা প্রশাসন ও দিঘলিয়া উপজেলা প্রশাসনের চোখের সামনে দীর্ঘদিন ধরে এমন জুলুম অত্যাচার চললেও, এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন বরাবরই রহস্যজনক কারণে কঠোর কোন পদক্ষেপ না নেওয়ায় ইজারাদার ও তাদের লোকজন দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। জেলা প্রশাসক কতৃক দৌলতপুর খেয়াঘাটে যাত্রী পারাপারে অধিক ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা ও যতসামান্য জরিমানা আদায় ছাড়া এতদিনে আর কোন আইনানুগ ব্যাবস্হা না নেওয়ায় ইজারাদাররা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছাই পারে এই সমস্যার স্থায়ী সমাধান করে এ অঞ্চলের মানুষের প্রতিদিনের এ বিড়ম্বনা দুর করতে।