স্পোর্টস ডেস্ক।।
ফ্রি এজেন্ট হিসেবে কাতারের ক্লাব আল শামালে যোগ দিয়েছেন আলজেরিয়ার কিংবদন্তি উইঙ্গার রিয়াদ মাহরেজ। সৌদি প্রো লিগের ক্লাব আল আহলির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৩৫ বছর বয়সী এই ফুটবলার এতদিন ঠিকানাহীন ছিলেন।
অবশেষে নতুন ঠিকানা হিসেবে কাতার স্টার্স লিগকে বেছে নিলেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) ক্লাবটির অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে আল শামাল তাদের নতুন তারকাকে স্বাগত জানিয়ে লিখেছে, ‘তাঁর বাঁ পা ইতিহাস তৈরি করেছে এবং আমাদের লক্ষ্য এখন পরবর্তী অধ্যায় লেখা। আল শামালের জার্সিতে রিয়াদ মাহরেজ।
’
ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা এশিয়ার ফুটবলেও নিজের সাফল্যের ধারা বজায় রেখেছেন। আল আহলির হয়ে তিন বছরের অধ্যায়ে তিনি ২০২৫ ও ২০২৬ সালে টানা দুটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট শিরোপা জেতেন।
এর আগে প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে ঐতিহাসিক শিরোপার পাশাপাশি ম্যানচেস্টার সিটির হয়ে ৪টি প্রিমিয়ার লিগ ও ১টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।











































