ঢাকা অফিস।।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে সেখানে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে নেপালের হিমালয়ান এয়ারলাইনস। এতে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে নেপাল।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পর্যটন খাতে সহযোগিতা বাড়ানো, পর্যটক বিনিময় বৃদ্ধি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী জানান, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হবে।
বিমানবন্দরটি চালু হলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে নেপালের হিমালয়ান এয়ারলাইনস সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি যৌথ উদ্যোগে পর্যটনশিল্পের বিকাশ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।











































