।। খবর বিজ্ঞপ্তি।।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ নভেম্বর খুলনা সফর করবেন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই মূলত তাঁর এই খুলনা সফর নির্ধারিত হয়েছে। এই সফরকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় সংসদের হুইপ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মাঠ পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনার দায়িত্বপ্রাপ্ত এমপি ফাহমিদা হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্টেডিয়াম পরিদর্শন শেষে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনার ঐতিহাসিক জেলা স্টেডিয়ামসহ পুরো শহরকে উৎসবমুখর ও প্রস্তুত করতে হবে।
এই সফরকে সফল করতে দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার মধ্য দিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ খুলনা গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও দলের যৌথ প্রস্তুতি ফলপ্রসূ হবে।











































