স্পোর্টস ডেস্ক
ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার শাস্তি কতটা কঠোর হবে, তা নিয়ে এখন উদ্বেগে রিয়াল শিবির। শাস্তি এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা হলে দুই সপ্তাহ পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শক হয়ে থাকতে হতে পারে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লিগের ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারায় রিয়াল। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ভিনিসিয়ুস। ৫২ মিনিটে মাঠে নামার ২০ মিনিট পরই লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়।
ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোল করেছেন ভেবে উদ্যাপনও শুরু করেছিলেন ভিনিসিয়ুস। কিন্তু ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় দেখা যায়, গোলের আগের মুহূর্তে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টেনেছেন তিনি। এ কারণে গোলটি বাতিল করেন রেফারি এবং ভিনিসিয়ুসকে সরাসরি লাল কার্ড দেখান।
গোলের পর ভিনিসিয়ুস যখন সতীর্থদের সঙ্গে উদ্যাপনে ব্যস্ত, তখন ভিডিও সহকারী রেফারির পরামর্শে রেফারি ইসিদ্রো দিয়াজ দে মেরা ঘটনাটি পুনরায় পর্যালোচনা করেন। গোল বাতিল ও লাল কার্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্রাজিলিয়ান তারকা। মাঠ ছাড়ার সময় রেফারির দিকে চিৎকার করতে থাকেন তিনি। সতীর্থরা তাকে শান্ত করার চেষ্টা করেন।
ভিনিসিয়ুসের গোল ভেবে রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে উদ্যাপনে যোগ দিতে ছুটে গিয়েছিলেন কোচ হোসে মরিনিয়োও। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দ বদলে যায় হতাশায়।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস লেখেন, ‘দল ও সমর্থকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’
সালিবার চুল টানার ঘটনা নিয়ে ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়েথ বলেন, ‘আমার মনে হয় না, সে কাউকে আঘাত করতে চেয়েছিল। তবে এটি লাল কার্ডের অপরাধ।’
ম্যাচের প্রতিবেদনে রেফারি দিয়াজ দে মেরা উল্লেখ করেন, লাল কার্ড দেখানোর পর ভিনিসিয়ুস তার সিদ্ধান্তের প্রতিবাদ করেন। এ সময় তিনি উচ্চ স্বরে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছিলেন এবং সতীর্থরা তাকে ধরে রাখার চেষ্টা করেন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিধি অনুযায়ী, প্রতিপক্ষের চুল টানাকে সহিংস আচরণ হিসেবে বিবেচনা করা হয়। লিগের ১৩০ নম্বর ধারায় বলা হয়েছে, প্রতিপক্ষকে আঘাত না করে এমন সহিংস আচরণের জন্য এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন কোনো খেলোয়াড়।
রিয়াল মাদ্রিদের পরবর্তী তিনটি লিগ ম্যাচ সেভিয়া, বার্সেলোনা ও রেসিং সান্তান্দারের বিপক্ষে। ফলে শাস্তির মেয়াদ বেশি হলে বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোতে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। সেটি হবে রিয়াল ও ব্রাজিলের এই তারকার জন্য বড় ধাক্কা।
এদিকে ম্যাচ শেষে বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে উপস্থিত হননি রিয়ালের কোচ হোসে মরিনিয়ো।











































