Home জাতীয় বর্তমান বাস্তবতায় পুলিশকে পথ চলার নতুন পথরেখা নির্মাণ করতে হয়েছে: আইজিপি

বর্তমান বাস্তবতায় পুলিশকে পথ চলার নতুন পথরেখা নির্মাণ করতে হয়েছে: আইজিপি

1

ঢাকা অফিস।।

বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে পথ চলার নতুন পথরেখা নির্মাণ করতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (৮ অক্টোবার) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে বিভিন্ন ইউনিটে পদায়িত ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন সহকারী পুলিশ সুপার যোগদানের আগে দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় অতিরিক্ত আইজিপিরা এবং ঊর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলী হোসেন ফকির বলেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী শাসনের পর নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার বিপুল জনাকাঙ্ক্ষাকে সামনে রেখে দায়িত্ব পালন করছে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে পথ চলার নতুন পথরেখা নির্মাণ করতে হয়েছে, যা জনপ্রত্যাশা, মানবাধিকার, নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীল।

এসময় তিনি সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আইজিপি বলেন, নবীন পুলিশ কর্মকর্তাদেরকে নব উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনপ্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। প্রত্যেককে পুলিশ বাহিনীর একজন অ্যাম্বাসেডর হিসেবে জনতার পাশে দাঁড়াতে হবে। পুলিশিং একটি সেবা ও চ্যালেঞ্জ। ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী সমাজ ও রাষ্ট্রের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে পুলিশ সদস্যদেরকে দায়িত্ব পালন করতে হবে।

নবীন পুলিশ কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার আখ্যায়িত করে আইজিপি বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে তৈরি করতে হবে। নিত্য নতুন জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। দায়িত্ব পালনকালে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে আইন ও বিধি-বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্ব বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে নবপদায়িত কয়েকজন কর্মকর্তা মাঠ পর্যায়ে তাদের প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা পেশাদারিত্ব বজায় রেখে জনগণকে সেবা প্রদানের মাধ্যমে জন-আস্থা অর্জনে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন জাতির প্রত্যাশা পূরণে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।