Home জাতীয় পা পিছলে আইল্যান্ডে আঘাত, প্রাণ গেল নারীর

পা পিছলে আইল্যান্ডে আঘাত, প্রাণ গেল নারীর

7

ঢাকা অফিস।।

রাজধানীর কুড়িল বিশ্বরোড মোড়ে বাসের জন্য অপেক্ষা করার সময় পা পিছলে সড়কের আইল্যান্ডের সঙ্গে মাথায় সজোরে আঘাত পেয়ে মোছা. মিজান বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভগ্নিপতি মানিক মিয়া জানান, মিজান বেগম গ্রামে শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।

চিকিৎসার জন্য গতকাল গ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবার) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোড মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল আসতে দেখে তিনি সামান্য পিছিয়ে দাঁড়ান। তখন পা পিছলে সড়কের আইল্যান্ডের সঙ্গে সজোরে আঘাত পান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

মানিক মিয়া আরও জানান, দুর্ঘটনার পর মিজান বেগমকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে বিকেলে ঢামেক হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজান বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মোর্শেদ আলীর মেয়ে এবং মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি চার ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। তার স্বামী গ্রামে কৃষিকাজ করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।