স্পোর্টস ডেস্ক।।
আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার ও জাতীয় দল থেকে বিদায় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মেসির মতো ফুটবলারদের নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, পেলে কিংবা মেসির মতো কালজয়ী ফুটবলার যুগে যুগে হাতে গোনা কয়েকজনই আসেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি সর্বশেষ বিশ্বকাপেও মেসি নিজের অনন্য শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন।
মেসির ফুটবল থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আমিনুল হক বলেন, নির্দিষ্ট সময় পর খেলা থেকে সরে দাঁড়ানো প্রকৃতিরই স্বাভাবিক নিয়ম। বয়স ও দীর্ঘ ক্যারিয়ারের পর শরীর ও মন যখন আর সায় দেয় না, তখন বিরতি নেওয়াটাই স্বাভাবিক।
তার মতে, মেসি পুরো বিশ্বের কাছে একজন কিংবদন্তি ফুটবলার হিসেবে নিজের সম্মান ও মর্যাদা সুপ্রতিষ্ঠিত করেই বিদায় নিচ্ছেন।
মেসির বিদায়ে আসলে কিছু হারানোর নেই বলেও মন্তব্য করেন আমিনুল হক। তিনি বলেন, মেসি ফুটবলকে যা দিয়েছেন, তা সারা বিশ্বের মানুষের হৃদয়ে সবসময় অমলিন হয়ে থাকবে।
বর্তমান বিশ্বে মেসির কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে হয়তো মেসির মতো নতুন কোনো তারকার আগমন ঘটবে, যার খেলা ফুটবলপ্রেমীদের আনন্দ দেবে।
মেসির দীর্ঘ ক্যারিয়ার, অসাধারণ সাফল্য ও ফুটবলে তার অবদান তাকে প্রজন্মের পর প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখবে বলেও মনে করেন আমিনুল হক।











































