Home জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসনে রেডক্রসকে জোরালো ভূমিকা রাখার আহ্বান

রোহিঙ্গা প্রত্যাবাসনে রেডক্রসকে জোরালো ভূমিকা রাখার আহ্বান

0

ঢাকা অফিস।।

রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে আরো জোরালো ভূমিকা রাখতে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে আইসিআরসির প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লুরির সাক্ষাতে এ আহ্বান জানানো হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইসিআরসির দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) প্রচার, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, সক্ষমতা বৃদ্ধি ও জরুরি সহায়তায় সংস্থাটির অবদানের কথা তুলে ধরেন তিনি।

এ সময় জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন হুমায়ুন কবির। পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক মানবিক আইন কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানবিক আইন প্রচারে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, গ্লোবাল আইএইচএল ইনিশিয়েটিভের আওতায় ‘আইএইচএল অ্যান্ড পিস’ কর্মধারায় বাংলাদেশ সহসভাপতির দায়িত্ব পালন করছে। আগামী ডিসেম্বরে জর্ডানে অনুষ্ঠেয় ‘হাই-লেভেল কনফারেন্স অন হিউম্যানিটি ইন ওয়ার’-এ উপযুক্ত পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি।

বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আইসিআরসির মানবিক সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির।

একই সঙ্গে বৈশ্বিক মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক মানবিক আইনে আইসিআরসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে সংস্থাটির পক্ষ থেকে আরো জোরালো প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

জবাবে নিকোলাস ফ্লুরি আইসিআরসির কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি ও মানবিক কার্যক্রমে আরো সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তুতির কথা জানান তিনি। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও আইসিআরসির দীর্ঘদিনের অংশীদারত্ব আরো জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।