চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মানহীন পণ্য বিক্রি ও সংরক্ষণের অপরাধে ‘টুকিটাকি স্টোর’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে তদারকি অভিযান চালানো হয়। এসময় টুকিটাকি স্টোরে অস্বাস্থ্যকর ও মানহীন পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুত ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় জেলাজুড়ে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।










































