Home Lead তুলে নেওয়ার পর ফিরে এসে সাব-রেজিস্ট্রার বললেন ‘আমি অপহৃত হইনি’

তুলে নেওয়ার পর ফিরে এসে সাব-রেজিস্ট্রার বললেন ‘আমি অপহৃত হইনি’

29

স্টাফ রিপোর্টার।।

খুলনা সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলকে অজ্ঞাতপরিচয় কিছু যুবক জিম্মি করে নিয়ে যায় বলে খবর ছড়িয়ে পড়ে।

ঘটনার সঙ্গে সঙ্গে খুলনা সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই অফিসে উপস্থিত হয়। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে সাব-রেজিস্ট্রারকে আবার ছেড়ে দেয় অজ্ঞাতপরিচয় যুবকরা।

সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল ফিরে এসে বলেন, ‘আমি অপহৃত হইনি। নদীর পাড়ে অজ্ঞাতপরিচয় যুবকরা আমাকে নিয়ে ডকুমেন্টস দেখিয়ে ছেড়ে দিয়েছে।’

বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে খুলনা সদর সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও অফিস সূত্রে জানা যায়, দুপুরে সাব-রেজিস্টার তন্ময় কুমার মন্ডল অফিস থেকে খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে রিকশায় ওঠেন। এসময় দুই যুবক এসে তাকে অফিসের পূর্ব পাশের গলিতে নিয়ে যায়। তখন অফিসের একজন ক্লার্ক দৌড়ে আসেন। কিন্তু ওই যুবকরা তাকে কিছু একটা বললে তিনি অফিসের দিকে আবার দৌড়ে যান। পরবর্তী সময়ে খুলনা থানা থেকে পুলিশ এসে তদন্ত শুরু করে। আনুমানিক বিকেল ৩টা ২০ মিনিটে সাব-রেজিস্ট্রার কাকতালীয়ভাবে অফিসে উপস্থিত হন।

অফিসে উপস্থিত হয়ে তন্ময় কুমার মন্ডল গণমাধ্যমকর্মীদের বলেন, “আমি লাঞ্চের জন্য বের হয়েছি। তখন কিছু লোক বলল, ‘ভাই, সামনে চলেন’। তখন নদীর পাড়ের দিকে তাদের সঙ্গে গেলাম। তারা কিছু ডকুমেন্টস দেখাল। আমি ডকুমেন্টসগুলো দেখলাম। এরপর আমি চলে এসেছি।”

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, একটি চলন্ত রিকশায় সাব-রেজিস্ট্রারের পাশে একজন যুবক বসা। আর সাব-রেজিস্ট্রারের কোলে আরেকজন বসে আছেন। অন্যদিকে মুখ বাধা অবস্থায় একজন যুবককে রিকশার সামনে দিয়ে দৌড়ে যেতে দেখা যায়।

অন্য একটি ছবিতে মাস্ক পরা একজন যুবকের মোটরসাইকেলে সাব-রেজিস্ট্রারকে ভীতিগ্রস্ত অবস্থায় উঠতে বলে দেখা যায়।

পুলিশের একটি সূত্র বলছে, সাব-রেজিস্ট্রার এ ঘটনায় কোনো অভিযোগ করেননি। তবে অফিস থেকে খবর গিয়েছিল তিনি অপহরণ হয়েছেন। তিনি ফিরে এসে যেহেতু অভিযোগ করেননি এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য যেহেতু সাংঘর্ষিক, সেহেতু পুলিশ এখনো তদন্তে মাঠে আছে। মূল ঘটনা ও রহস্য উন্মোচনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘সাব-রেজিস্ট্রার আমাকে জানিয়েছেন, ডকুমেন্টস দেখানোর জন্য উনারা (অজ্ঞাতপরিচয় যুবকরা) এসেছিলেন। উনাকে কোনো আঘাত তারা করেননি। উনার ভাষ্যমতে, তারা তাকে ছেড়ে দিলে তিনি আবার অফিসে ফিরে আসেন।’