ঢাকা অফিস।।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটদান পদ্ধতির বিষয়ে অভিজ্ঞতা নেবে নেপালের নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, নেপালের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠক করবে।
নেপালের নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সচিব কৃষ্ণা প্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে এবং ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমার বৈঠকে অংশ নেবেন।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণের কাজে নিয়োজিত ব্যক্তি ও কারাবন্দী এবং দেশের বাইরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করে ইসি।
এ জন্য একটি অ্যাপও তৈরি করে সংস্থাটি। অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ভোটারের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হয়।
ভোট দেওয়ার পর ব্যালটটি ফেরত খামে ভরে পোস্ট অফিসে জমা দিলে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যায়।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের সংখ্যা ছিল ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের ৮০ দশমিক ১১ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি পোস্টাল ভোট, যা মোট প্রদান করা ভোটের ৭৬ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে প্রবাসী ভোটারদের ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। অন্যদিকে, দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের মধ্যে ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮ জনের ভোট গ্রহণ করা হয়েছে।
গ্রহণ করা পোস্টাল ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি, যা মোট নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের ৭০ দশমিক ২৫ শতাংশ।











































