Home খেলাধুলা টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

2

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ ক্রমে উন্নতি করছে। এই ঊর্ধ্বমুখী গ্রাফ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন বাস্তবসম্মত করে তুলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ দল রয়েছে চতুর্থ স্থানে।

গত আগস্টে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে এই চমকপ্রদ উত্থান হয়েছে।

ঢাকায় সোমবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডান-হাতি পেসার হাসান মাহমুদ বলেছেন, ‘মোমেন্টাম এখন আমাদের অনুকূলে। বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে পারে।’ ডারউইন টেস্ট জয় বাংলাদেশের জন্য আরও বড় অর্জনের উৎস হতে পারে বলে উল্লেখ করেন হাসান।

ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে মুখ্য ভূমিকা পালন করা হাসান যোগ করেন, ‘টেস্ট ক্রিকেটে এখনই আমাদের আধিপত্য বিস্তার করার সময়। যেটা আগে আমরা পারিনি।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের ছয় ম্যাচ বাকি। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি হোম সিরিজ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর।

‘আমরা যদি নিজেদের মাঠে চারটি ম্যাচ জিততে পারি, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন খেলব না? ফাইনালে খেলাই এখন বাংলাদেশের স্বপ্ন,’ বলেছেন হাসান। তার সংযোজন, ‘এখন আমাদের চিন্তায় পরিবর্তন এসেছে। এখন প্রতিপক্ষ দলগুলো জানে, বাংলাদেশেও ভালোমানের ফাস্ট বোলার রয়েছে, যারা বিশ্বমানের।’ সামনের দিনগুলোতেও বাংলাদেশের উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী হবে বলে আত্মপ্রত্যয়ী এই ডান-হাতি পেসার।

তিনি বলেন, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে আমরা কতটা উন্নতি করেছি। আমাদের ফাস্ট বোলাররা যদি ভালো অবস্থায় এবং ব্যাটাররা ফর্মে থাকে, তাহলে আমরা আরও উপরে উঠব।’