Home আঞ্চলিক ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার

ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার

5

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নৌপথে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি বিভিন্ন প্রকার সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সীমান্তের পুরাতন ঠোটারপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব সার উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনে আশ্রয়ণ বিওপির একটি বিশেষ টহল দল সোমবার দুপুরে পুরাতন ঠোটারপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় নৌপথে চোরাইপথে ভারতে পাচারের প্রস্তুতিকালে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি), ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত সারের পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সেই বিষয়ে বিজিবি বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।