Home জাতীয় সাংবাদিকদের ওপর হামলা, রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

সাংবাদিকদের ওপর হামলা, রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

4

খুলনাঞ্চল রিপোর্টার।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি শাখা ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৬ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা পৃথক দু’টি বিবৃতিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

জানা যায়, রবিবার (৪ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের বাইরে হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে চারজন ক্যাম্পাস সাংবাদিক। তারা হলেন—আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃধুল, বিডিনিউজ টোয়েন্টিফোরের আরিফুজ্জামান কোরবান এবং সমকালের মাইনুল ইসলাম রাজু।

এ ছাড়া বহিষ্কৃতরা হলেন- সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও বিশাল চক্রবর্তী। একই ঘটনায় আরও ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শোকজকৃত ৬ রাবি শাখা ছাত্রদল নেতারা হলেন- সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, শরিফুল ইসলাম, বুলবুল রহমান, ফারুক হোসেন, সহদফতর সম্পাদক শাহারিয়ার আলম ও ছাত্রদল কর্মী সাজু।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ (৫ অক্টোবর) এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

শোকজের বিবৃতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ (৫ অক্টোবর) এই নির্দেশনা দেন।

সূ্ েএ জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে নিন্দা জানিয়েছে ফ্রান্সভিত্তিক সাংবাদিক সংগঠন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)। ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের পাশাপাশি হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।