Home আঞ্চলিক খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক

খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক

124


স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে মো. ইকবাল শেখ (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টা ২০ মিনিটের দিকে লবণচরা থানার হঠাৎ বাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত ইকবাল শেখ স্থানীয় ইকলাস শেখের ছেলে এবং নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ইকবাল শেখের মেয়ের সঙ্গে একই এলাকার বাসিন্দা মো. আবির শেখের বিয়ে হয়েছিল। তবে ৩ মাস আগে তিনি মেয়েকে ওই সংসার থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এর আগেও আবির শেখ বিএনপি নেতা ইকবালের ওপর একবার হামলা চালিয়েছিলেন। আজ রোববার সকালে বাসা থেকে বের হয়ে কিছু দূর এগোলে আবির ও শাওনসহ চার থেকে পাঁচজনের একদল দুর্বৃত্ত তাঁর ওপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়।

হামলাকারীরা ইকবালের বাম পায়ের হাঁটুর ওপরে এক রাউন্ড গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপ দেয়। ইকবালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত আবির এলাকার একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের খবর পাওয়া গেছে। হামলায় জড়িতদের আটকে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। বর্তমানে ভুক্তভোগী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন এবং তিনি শঙ্কামুক্ত।