Home বিনোদন সিদ্ধান্ত বদলে কেন রাজনীতিবিদ রাঘবকে বিয়ে করেন পরিণীতি

সিদ্ধান্ত বদলে কেন রাজনীতিবিদ রাঘবকে বিয়ে করেন পরিণীতি

0

বিনোদন ডেস্ক

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের আগে পরিণীতি বলেছিলেন, তিনি কখনো কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না। এমন বক্তব্যের পর রাঘবের কোন গুণে মুগ্ধ হয়ে নিজের সেই সিদ্ধান্ত বদলেছিলেন, তা নিয়ে কৌতূহল ছিল ভক্তদের।

নেটফ্লিক্সের ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ সিনেমার প্রচারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন পরিণীতি। জানান, রাঘবের সঙ্গে তার সম্পর্ককে বিশেষ করে তুলেছে দুজনের পারস্পরিক সমতা, বোঝাপড়া ও ব্যক্তিগত জীবনে স্বাভাবিক থাকার চেষ্টা।

পরিণীতি বলেন, ‘রাঘব ও আমার সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেশি ছিল। সে দিল্লিতে থাকে, আর আমি মুম্বাইয়ে। আমরা দুজন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। আমি বিনোদন জগতের, আর রাঘব রাজনীতির সঙ্গে যুক্ত।’

পরিণীতি জানান, রাঘবের সঙ্গে বিয়ের মধ্য দিয়ে তাদের দুটি পরিবারও একসঙ্গে যুক্ত হয়েছে—একটি রাজনৈতিক পরিবার এবং অন্যটি ব্যবসায়ী পরিবার। সম্পর্কের শুরু থেকে তারা একটি বিষয়ে পরিষ্কার ছিলেন—একসঙ্গে থাকতে হলে দুজনকে সমান মর্যাদা দিতে হবে। এছাড়া অন্য কোনো উপায় ছিল না।

পরিণীতি বলেন, ‘অনেক তারকা দম্পতিকে দেখেছি, যারা নিজেদের পেশাগত জীবনের চাপ ও পরিচয় ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও নিয়ে আসেন। ফলে তাদের কথাবার্তা কিংবা আচরণেও পেশাগত জীবনের প্রভাব দেখা যায়।’

তবে রাঘবের সঙ্গে তাঁর সম্পর্কের ক্ষেত্রে শুরু থেকে বিষয়টি আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। পরিণীতির কথায়, ‘ব্যক্তিগত জীবনে আমরা খুব পরিষ্কার ছিলাম। আমাদের ব্যক্তিগত জীবন খুব স্বাভাবিক থাকবে। একজন দম্পতি যতটা সাধারণ, সাদামাটা ও একঘেয়ে হতে পারে, আমরা ততটাই থাকব। এছাড়া যখন সে বাইরে থাকে, আমি বাড়িতে থাকি। আবার যখন আমি বাইরে থাকি, সে বাড়িতে থাকে।’

এমনকি তাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হলেও সেটির মূল কারণ হতে পারে একে অপরকে অসমভাবে দেখা। সন্তান পালন, সংসারের দায়িত্ব, জীবনযাপন কিংবা দুজনের পেশাগত কাজে সহযোগিতা—সব ক্ষেত্রে সমানভাবে একে অপরের পাশে থাকার নিয়ম করেছেন তারা।

অভিনেত্রী আরও জানান, তার স্বপ্ন ছিল এমন একজনকে বিয়ে করা, যিনি নিজের ক্ষেত্রে সফল, তার পাগলাটে জীবনযাপন বুঝবেন, আবার একই সঙ্গে বিনয়ী হবেন এবং তার মতো মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠবেন।

পরিণীতি বলেন, ‘রাঘবের মধ্যে আমি সবকিছুই পেয়েছি।’

২০২৩ সালের সেপ্টেম্বরে বিয়ের পর ২০২৫ সালের ১৯ অক্টোবর ছেলে সন্তানের বাবা-মা হন পরিণীতি ও রাঘব। তাঁদের ছেলের নাম রাখা হয়েছে নীর, যা দুজনের নামের সমন্বয়ে তৈরি। সূত্র: এনডিটিভি