Home জাতীয় সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবসহ ৪ বার-হোটেলে এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবসহ ৪ বার-হোটেলে এনবিআরের অভিযান

0


ঢাকা অফিস।।


রাজধানীর গুলশানের ‘র-ক্যানভাস রেস্তোরাঁ’, ‘হাবিব হোটেল ইন্টারন্যাশনাল’, ‘মার্গারিটা লাউঞ্জ’ এবং ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিস লিমিটেড’ নামের চারটি প্রতিষ্ঠানে মদ ও মাদকের উৎস খুঁজতে একযোগে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


শনিবার (৩ অক্টোবর) বিকালে মদের বার, ক্লাব ও হোটেলে একযোগে এ অভিযান শুরু হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিভিন্ন বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, প্রযোজ্য রাজস্ব ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অনুসন্ধান ও যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়।

এদিকে ওই অভিযান চলে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ফুয়াং ক্লাবেও। বিকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ওই ক্লাবটিতে যৌথ এই অভিযান চালিয়েছ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (মূল্য সংযোজন কর)।


এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বলেন, ‘ঢাকায় অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগ অনুসন্ধানে চারটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়েছে এনবিআর।’


তিনি বলেন, ‘এনবিআরের আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের মজুদ, পণ্যের বৈধ উৎস, আমদানি ও ক্রয়-সংক্রান্ত দলিল এবং প্রযোজ্য শুল্ক-মূসক ও কর পরিশোধের তথ্য যাচাই করা হচ্ছে।’

সিআইআইডি চারটি পৃথক টিম গঠন করে এসব টিমের সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (উত্তর) কর্মকর্তারা অভিযানে অংশ নেন।