Home খেলাধুলা বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকান মাকেতা

বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকান মাকেতা

3

স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। ৪৬ বছর বয়সী এই কোচের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতে দলের কোচিং স্টাফের সঙ্গে যোগ দেবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দুই দশকের বেশি সময়ের কোচিং অভিজ্ঞতা রয়েছে মাকেতার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ কোচিং সনদধারী এই কোচ জাতীয় দল ছাড়াও দক্ষিণ আফ্রিকা ‘এ’, অনূর্ধ্ব-১৯ দল, জাতীয় একাডেমি এবং ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক পর্যায়ে কাজ করেছেন।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন মাকেতা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি। ওই সময়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে কোচিং স্টাফের অংশ ছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাকেতা।

বাংলাদেশ দলে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে মুখিয়ে আছি।’

মাকেতা আরও বলেন, ‘আমাদের দলটি তরুণ ও সম্ভাবনাময়। ফিল সিমন্স ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের উন্নতিতে সহায়তা করতে চাই।’

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ২০২৩-২৪ মৌসুমে সিএসএ ওয়ানডে কাপের ডিভিশন-২ শিরোপা জেতান মাকেতা। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকেও তিনি বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন।