Home আঞ্চলিক চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন যুবদল নেতা সাগর, মায়ের অস্ত্রোপচার ঘিরে দুশ্চিন্তায় পরিবার

চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন যুবদল নেতা সাগর, মায়ের অস্ত্রোপচার ঘিরে দুশ্চিন্তায় পরিবার

17

স্টাফ রিপোর্টার।।

পায়ের লিগামেন্টের জটিল অস্ত্রোপচারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালের উদ্দেশে রওনা হচ্ছেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর। দেশ ছাড়ার আগে তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া, ভালোবাসা ও পরামর্শ গ্রহণ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তরুণ এই যুবদল নেতার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। প্রায় দুই মাস ধরে মারাত্মক শারীরিক অসুস্থতা ও পায়ের লিগামেন্টের সমস্যায় শয্যাশায়ী থাকার পর চিকিৎসকদের পরামর্শে ও পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ব্যাংককে তাঁর পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার করা হবে।

মায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা ও ব্যাকুলতা: নিজের শারীরিক চিকিৎসার জন্য বিদেশে যেতে হলেও মায়ের জটিল অসুস্থতা নিয়ে চরম উৎকণ্ঠা ও গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নাজমুল হুদা চৌধুরী সাগর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, আগামীকাল শনিবার ঢাকার ধানমন্ডির ‘হারুন আই হাসপাতালে’ তাঁর মায়ের চোখে একটি জটিল অস্ত্রোপচার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চিকিৎসকের নির্ধারিত সূচির বাধ্যবাধকতায় অসুস্থ মাকে হাসপাতালের বেডে রেখেই তাঁকে চিকিৎসার জন্য বিদেশের উদ্দেশে রওনা হতে হচ্ছে। বিগত দুই মাস নিজে অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকার সময় মা যেভাবে পাশে থেকে সেবা-শুশ্রূষা করেছেন, সেই মায়েরই কঠিন সময়ে পাশে থাকতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন এই বিএনপি নেতা।

সংকটকালে দোয়া প্রার্থনা: পরিবারের এমন সংকটময় সময়ে একসাথে দুজনের চিকিৎসার বিষয়টি তুলে ধরে নাজমুল হুদা চৌধুরী সাগর বলেন, “মহান আল্লাহ তাআলা আমাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। পরিবারের এমন পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছি।”

সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে এবং আমাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ শরীরে আবার সবার মাঝে ফিরিয়ে আনেন। আপনারা সবাই আমাদের জন্য খাস দোয়া করবেন।” সবশেষে তিনি সবার সার্বিক ভালোবাসা, সহায়তা ও পরামর্শের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।