Home বিনোদন নীল শাড়ি, নীল চুড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন পারসা ইভানা

নীল শাড়ি, নীল চুড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন পারসা ইভানা

0



বিনোদন ডেস্ক ||

পরনে নীল শাড়ি, হাতেও একই রঙের চুড়ি। গলায় মালা। মাথার চুলগুলো বেণি করা। আর সেই চুলে সুভাস ছড়াচ্ছে থোকা থোকা ফুল। চোখ দুটো থমকে গেছে অজানায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে এমন লুকে ধরা দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী পারসা ইভানা।

নীল শাড়ি পরা বেশ কটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পারসা ইভানা। ছবির ক্যাপশনে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চরিত্র টেনে এনেছেন এই নাচের শিল্পী। পারসা ইভানা লেখেন—“হিমু আসবে না—এটা রূপা জানে, তবুও নীল শাড়ির ভাঁজে সে আজও অপেক্ষা লুকিয়ে রাখে।”

নীল শাড়িতে পারসা যেমন মুগ্ধতা ছড়াচ্ছেন, তেমনই তার বক্তব্য নেটিজেনদের মন কেড়েছে। ছবিগুলো পোস্ট করার এক ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে সাড়ে ৬ হাজার। কমেন্ট বক্সে জমা পড়েছে প্রায় আড়াই শ মন্তব্য।

তুষি নামে একজন লেখেন, “নীল শাড়িতে আপনাকে অসাধারণ লাগতাছে। ব্যাচেলরে নীল শাড়িতে যুক্ত হলে কাবিলা তো পাগল হয়ে যাবে।” নবীন মহাজন লেখেন, “হিমু আসবে না—এটা রূপা জানে, তাই আর অপেক্ষা নয়। নীল শাড়ির ভাঁজে আজ কোনো অভিমান নেই, নেই ফিরে আসার আশাও। অপেক্ষার দিন শেষ করে রূপা এবার নিজের পথেই হাঁটে। কারণ কখনো কখনো কাউকে পাওয়ার চেয়ে, নিজেকে হারিয়ে না ফেলাটাই সবচেয়ে সুন্দর।”

ইভা ইসলাম লেখেন, “হিমুরা এখন স্বার্থপর, তাদের আর রূপাকে প্রয়োজন নেই, নীল শাড়ি এখন নীলারা পরে শুধু মনের শান্তির জন্য।” ইমরান হোসেন লেখেন, “শাড়িতে নারী। একদম মানাইছে নীল শাড়িতে। আপনাকে অসম্ভব সুন্দর লাগছে।” কেউ কেউ তাকে ‘নীলপরি’ বলেও মন্তব্য করেছেন।

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী পারসা ইভানা শাস্ত্রীয় নৃত্যের শিল্পী হয়েও নাম লেখান অভিনয়ে। ২০১৫ সাল থেকে টুকটাক অভিনয় শুরু করেন; ২০১৮ সাল থেকে এ মাধ্যমে নিয়মিত হন। কাজল আরিফিন অমি নির্মিত বহুল আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘ইভা’ চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন।

পরবর্তীতে বেশ কিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করেন পারসা ইভানা। এর মধ্যে ‘গুড বাজ’ ও ‘ব্যাড বাজ’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এ দুটো নাটকেও জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এখন নিয়মিত এ মাধ্যমে কাজ করছেন পারসা ইভানা।