স্টাফ রিপোর্টার।।
রাজধানীর মিরপুরে পাঁচ দশকের পুরোনো ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, ভাঙচুর ও জমি দখলের অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের কঠোর নির্দেশনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন এবং তাঁর আসন শূন্য ঘোষণা করা হয়।
ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বিএনপির হাইকমান্ডের এই তড়িৎ ও যুগান্তকারী পদক্ষেপ রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে একই সময়ে একটি বৈপরীত চিত্র সামনে এনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাবেক জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। নৈতিক স্খলন ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মতো গুরুতর ফৌজদারি মামলায় কারাবন্দী থাকা সত্ত্বেও এখনো বহাল তবিয়তে টিকে আছে তাঁর এমপি পদ। ফলে প্রশ্ন উঠেছে—আপস-কৌশলে কি শেষ পর্যন্ত পার পেয়ে যাবেন গাজী নজরুল?
দুই দলের দুই অবস্থান: নৈতিকতার কড়া বার্তা বনাম রাজনৈতিক আইনি জটিলতা
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের পর দলীয় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে বিএনপির এই কঠোর অ্যাকশনকে রাজনৈতিক বিশ্লেষকরা দখলবাজদের বিরুদ্ধে এক নজিরবিহীন বার্তা হিসেবে দেখছেন। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুলতানা আহম্মাদ বলেন—
“আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ লালন করে বলেই অভিযুক্ত হওয়ার পর এমপি মিষ্টিকে পদত্যাগের স্পষ্ট নির্দেশ দেন।”
অন্যদিকে, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দ্বিতীয় স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসার পর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী তাঁকে বহিষ্কার করে এবং স্পিকারকে চিঠি পাঠায়। তবে সম্প্রতি ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়মের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল ও তাঁর প্রথম স্ত্রী গ্রেফতার হন।
গত ৩০ সেপ্টেম্বর আদালতে নিহতের বাবা ও মামলার বাদী মাসুম বিল্লাহর পেশ করা এক বিতর্কিত ‘আপসনামা’র মাধ্যমে নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা জামিন পেলেও দণ্ডবিধির ৩০৬ ধারার মামলা আইনিভাবে আপসযোগ্য না হওয়ায় নজরুলের জামিন মঞ্জুর হয়নি। জামায়াত থেকে বহিষ্কৃত হলেও পদত্যাগ না করায় সংসদীয় আইনি কাঠামোর সুযোগ নিয়ে এখনও সংসদ সদস্য পদে বহাল রয়েছেন তিনি।
সংসদ সদস্যপদ ও নৈতিকতা নিয়ে সমালোচনার ঝড়
জামায়াত থেকে বহিষ্কৃত হওয়ার পরও কীভাবে তিনি এমপি পদে টিকে আছেন—এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন—
“অন্যায় কাজের জন্য ক্ষমতাসীন দলের এমপির পদত্যাগ একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। কিন্তু জামায়াতের একজন এমপি নৈতিক স্খলন ও ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও এমপি পদ বহাল রাখা বিস্ময়কর। দলটি চাইলে বহিষ্কারের আগেই তাঁকে পদত্যাগে বাধ্য করতে পারত।”
তবে জামায়াতের পক্ষ থেকে আইনি কাঠামোর সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন—
“গাজী নজরুলের বিষয়ে আমরা সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। তাঁর সদস্যপদ বাতিলের জন্য দল থেকে স্পিকার ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। এরপরও আইনি কাঠামোর জটিলতায় যদি তিনি টিকে থাকেন, সেখানে দলের কিছু করার থাকে না।”
আপসনামার কৌশল ও জনমনে প্রশ্ন
নজরুলের ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে ভুক্তভোগী পরিবারের সঙ্গে আদালতের বাইরে সম্পাদিত রহস্যজনক ‘আপসনামা’। ভুক্তভোগী পরিবার মামলা থেকে সরে আসার ইঙ্গিত দেওয়ায় সচেতন মহল আশঙ্কা করছেন—এমপি নজরুল হয়তো আইনি ফাঁকফোকর ও আপসের মাধ্যমে রেহাই পেয়ে যাবেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, একজন এমপি ক্ষমতার অপব্যবহারের দায়ে নজির স্থাপন করে স্বেচ্ছায়/দলীয় চাপে পদত্যাগ করলেন, আর অন্যজন গুরুতর অপরাধ ও নৈতিক স্খলনের অভিযোগ সত্ত্বে অটল থেকে আইনি ও সামাজিক আপসের সুযোগ নিচ্ছেন—এ পার্থক্য সংসদীয় রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।











































