স্পোর্টস ডেস্ক ।।
লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগের শুরুটা জয় দিয়ে করেছে আর্জেন্টিনা। তবে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের পরও কোচ লিওনেল স্কালোনি স্বীকার করেছেন, জাতীয় দলে ১০ নম্বর জার্সিধারীর শূন্যতা পূরণ করা সম্ভব নয়।
কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দেয় বিশ্বকাপ রানার্সআপরা। মেসির অবসরের ঘোষণার পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘মেসি অপ্রতিস্থাপনীয়।’ তবে মেসি না থাকলেও দলের খেলার ধরন বদলাতে চান না আর্জেন্টিনা কোচ।
বল দখলে রাখা, পাসিং ফুটবল এবং আক্রমণে গিয়ে গোলের চেষ্টা; গত কয়েক বছরে যে পরিচয় তৈরি করেছে আর্জেন্টিনা, সেটিই ধরে রাখতে চান তিনি, ‘আমরা একইভাবে খেলার একটি পথ খুঁজে নেব। বলের নিয়ন্ত্রণ, পাস দেওয়া এবং গোলের দিকে এগিয়ে যাওয়ার একই পদ্ধতি থাকবে।
আমি মনে করি, এটাই এই দলের পরিচয়। কে খেলছে, সেটি বিবেচ্য নয়। তবে তার (মেসির) সঙ্গে বিষয়গুলো অবশ্যই কিছুটা ভিন্ন হয়।’
স্কালোনির মতে, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তরুণ খেলোয়াড়দের মধ্যে এই খেলার দর্শন ছড়িয়ে দেওয়া, ‘চ্যালেঞ্জ হলো এভাবে খেলা চালিয়ে যাওয়া এবং তরুণ খেলোয়াড়দের বোঝানো যে এটাই আমাদের পথ।’
বলিভিয়ার বিপক্ষে ম্যাচে জয় দিয়ে শুরু হলেও আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে আরও আবেগঘন একটি মুহূর্ত। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন মেসি। সেই ম্যাচে তাকে বিশেষ সম্মান জানানো হবে।
মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত ১০ নম্বর জার্সি তার কাছেই থাকবে। এরপর কে পরবেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী এই জার্সি, সেটি এখনো ঠিক করেননি স্কালোনি, ‘লিও ৬ তারিখ পর্যন্ত এটি পরবে। এরপর আমরা দেখব কাকে দেওয়া যায়। অনেক খেলোয়াড় আছে যারা এটি পরতে পারে।’
তবে নির্দিষ্ট কারও নাম এখনই বলতে চাননি আর্জেন্টিনা কোচ। তার মতে, যাকে বেছে নেওয়া হবে, আনুষ্ঠানিক ঘোষণার আগে তাকে বিষয়টি জানানো হবে।
বলিভিয়ার বিপক্ষে বড় জয়ে আলো ছড়িয়েছেন নিকো পাসও। মেসিবিহীন নতুন আর্জেন্টিনার প্রথম পরীক্ষায় তার পারফরম্যান্স প্রশংসা পেয়েছে।










































