Home আঞ্চলিক খালিশপুরে মাদক লেনদেনকে কেন্দ্র করে গুলিবর্ষণ: ঘটনাস্থল থেকে তাজা গুলি ও খোসা...

খালিশপুরে মাদক লেনদেনকে কেন্দ্র করে গুলিবর্ষণ: ঘটনাস্থল থেকে তাজা গুলি ও খোসা উদ্ধার

5

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পেটকা বাজার এলাকায় মাদক সংক্রান্ত আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬:১৫ ঘটিকায় পেটকা বাজার সংলগ্ন রুবেলের বাড়ির ভাড়াটিয়া রাজ্জাক (৫০), পিতা: মৃত আসমত আলী তালুকদারকে লক্ষ্য করে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, মাদক সংক্রান্ত আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বৈকালি ল্যাংটা ফকিরের মাজার এলাকার বহুল আলোচিত মো: ওয়াজিদ ইসলাম রাকিব ওরফে টাইগার রাকিব (২৮), পিতা: বহুমুখী জাকির এবং জামাল হোসেন ভুট্টো (৪২), পিতা: মৃত সুলতান সরদার যৌথভাবে রাজ্জাককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় ঘটনাস্থলে এক রাউন্ড তাজা গুলি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবর্ষণের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা পিস্তলের গুলি এবং দুই রাউন্ড ব্যবহৃত পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে।

উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্ত টাইগার রাকিব ও জামাল হোসেন ভুট্টোকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।