Home খেলাধুলা নিজের শেষ বিশ্বকাপে স্বপ্নের কথা জানালেন কোহলি

নিজের শেষ বিশ্বকাপে স্বপ্নের কথা জানালেন কোহলি

0

স্পোর্টস ডেস্ক ।।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত রান তাড়া করছে। শেষ পর্যন্ত টিকে থেকে ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন—বিরাট কোহলির স্বপ্ন এমনই।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যে ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, সেটি আগেই জানিয়েছেন কোহলি। এবার শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে স্বপ্নের কথাও জানালেন ভারতের তারকা ব্যাটার।

জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে নিজের লক্ষ্য ও ব্যাটিংয়ের নতুন ধরন নিয়ে কথা বলেছেন কোহলি।

সেখানে ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলার স্বপ্নের কথাও জানান তিনি।

কোহলি বলেন, ‘আমরা যখনই কোনো ম্যাচ খেলি, সব সময় চাই ম্যাচ জেতানো মানুষটি যেন আমি হই। এই ইচ্ছা আমার ভেতর থেকে কখনো চলে যাবে না। আমি এমনই। ’

বিশ্বকাপে নিজের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপে আমার লক্ষ্য থাকবে দলের হয়ে যত বেশি ম্যাচ সম্ভব জেতানো—৬০ থেকে ৭০ শতাংশ ম্যাচে অবদান রাখতে পারলে সেটা অসাধারণ হবে।’

তবে কোহলির সবচেয়ে বড় স্বপ্ন ফাইনাল ঘিরে, ‘আমার স্বপ্ন ফাইনালে ম্যাচ জেতানো, খেলা শেষ করে আসা একটি ইনিংস উপহার দেওয়া। যেমন—রান তাড়া করে জেতানো। এটাই আদর্শ পরিস্থিতি। সেটা হলে দারুণ হবে। আর যদি সেটা না-ও হয়, ভারত বিশ্বকাপ জিতলেই আমি খুশি।’

২০২৩ বিশ্বকাপে ৭৬৫ রান করে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন কোহলি। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল।

এবার কোহলি সামনে আরেকটি বড় অধ্যায়। ৩৭ বছর বয়সী এই ব্যটার আরো বলেছেন, ‘এটা শেষবার যে আমি বিশ্বকাপে খেলতে যাচ্ছি। তাই ট্রফি জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঝখানে থেকে একজন ব্যাটার হিসেবে সেটা করতে পারার চেয়ে তৃপ্তির আর কিছু নেই।’

ওয়ানডেতে এখন আরো আক্রমণাত্মক ব্যাটিং করছেন কোহলি। সম্প্রচারকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে নিজের ব্যাটিংয়ে নতুন মাত্রা খুঁজে পাওয়াই তাকে রোমাঞ্চিত করছে।

কোহলি বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আমার চ্যালেঞ্জ হলো এক-দুই ধাপ ওপরে উঠে খেলা। ক্যারিয়ারের এই সময়ে নতুন একটা মাত্রা খুঁজে বের করার সুযোগই আমাকে রোমাঞ্চিত করে। এতে আমি আরো মুক্ত মনে খেলতে পারছি।’