Home জাতীয় পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার

7

ঢাকা অফিস।।

রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এরপর নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এসে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করছে।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ বলেন, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগের ভেতর বেশ কিছু বোমা পাওয়া গেছে। এরইমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করেছে। আরো কিছু রয়েছে সেগুলো জনসাধারণ এলাকার বাইরে নিয়ে গিয়ে পরে নিষ্ক্রিয় করা হবে। আনুমানিক ২০টির মতো এখানে ককটেল এবং পেট্রোল বোমা পাওয়া গেছে।

উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কিছু জানাতে পারেনি এসআরবি।