বিনোদন ডেস্ক।।
প্রেমের গুঞ্জন ও ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো নানা খবরের বিষয়ে মুখ খুলেছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। তার সঙ্গে কারো ছবি প্রকাশ্যে এলেই কিংবা একসঙ্গে কোথাও দেখা গেলেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন তিনি।
তবে এসব গুঞ্জনের প্রতিটি নিয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেন না অভিনেত্রী।
সম্প্রতি ‘ভোগ’-এর ‘দ্য রান থ্রু’ পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এসব বিষয়ে নিজের অবস্থান জানান ডাকোটা। তিনি বলেন, এমনকি নিজের ম্যানেজার কিংবা আইনজীবীর সঙ্গে রাতের খাবার খেতে গেলেও অনেক সময় সেটিকে ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে’ ধরনের খবর বানিয়ে ফেলা হয়।
ডাকোটা জানান, অনলাইনে ছড়িয়ে পড়া প্রতিটি গুঞ্জনকে সত্য বা মিথ্যা প্রমাণ করতে গেলে বরং বিষয়টি আরো বড় হয়ে যায়।
তাই মানুষ যা বিশ্বাস করতে চায়, তা-ই বিশ্বাস করুক—এমন মনোভাব তার।
অভিনেত্রীর ভাষ্য, ইন্টারনেটে প্রতিদিনই নানা ধরনের খবর ছড়ায়। সেগুলোর কিছু সত্য, আবার কিছু সত্য নয়। প্রতিটি খবর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার মতো সময় বা আগ্রহ তার নেই।
বরং নিজের জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েই মনোযোগ দিতে চান তিনি।
এ সময় অনলাইনে তাকে নিয়ে গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে ডাকোটা বলেন, ‘নিজের জীবন নিয়ে ভাবুন।’ ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহকে এভাবেই এড়িয়ে যেতে চান তিনি।
সম্প্রতি ডাকোটা জনসন ও র্যাপার মেশিন গান কেলি (এমজিকে)কে ঘিরেও নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। টেলর সুইফট ও ট্রাভিস কেলির বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর এই আলোচনা শুরু হয়।
এরপর ‘পিপল’-এর এক প্রতিবেদনে এক সূত্রের বরাতে দাবি করা হয়, ডাকোটা ও এমজিকে কয়েক মাস ধরে গোপনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের আগে থেকেই পরিচয় ছিল এবং ওই অনুষ্ঠানের সময় তাদের ঘনিষ্ঠতা আরো বাড়ে বলেও দাবি করা হয়েছে।
ওই সূত্রের আরো দাবি, ডাকোটা ও এমজিকে প্রথমে বন্ধু হিসেবে যোগাযোগ রাখতেন। পরে নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের যোগাযোগ বজায় থাকে। সম্প্রতি তারা একসঙ্গে আরো বেশি সময় কাটাচ্ছেন বলেও দাবি করেছে সূত্রটি।
তবে ডাকোটা জনসন নিজে এমজেকের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। বরং ব্যক্তিগত জীবন নিয়ে যেকোনো ধরনের গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থানই জানিয়েছেন তিনি।
এর আগে ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে কোল্ডপ্লে তারকা ক্রিস মার্টিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চান না ডাকোটা।










































