আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে এবার একেবারে বাংলায় পা রাখল দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাঘম’ বা টিভিকে!
রবিবার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে খুলে গেল দলটির প্রথম রাজ্য কার্যালয়।
তামিলনাড়ুতে দুর্দান্ত সাফল্যের পর বিজয়ের এই দল এবার বাংলার মাটিতেও নিজেদের শিকড় ছড়াতে শুরু করেছে। তবে রাজনীতিতে নাম লেখানোর আগে তারা মানুষের মন জয় করতে চায় অন্য পথে। দলটির পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটর চৈতালি রায় জানিয়েছেন, আপাতত ভোটের ময়দানে নামার চেয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। শিক্ষা এবং কর্মসংস্থানের মতো জরুরি বিষয়গুলোকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
রোববার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক হাজির হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারের পাশাপাশি ধাপে ধাপে বাংলার প্রতিটি কোণায় সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে চায় টিভিকে। আগামী দিনে বাংলার কোনো নির্বাচনে তারা লড়বেন কি না, তা সম্পূর্ণ নির্ভর করবে সাধারণ মানুষের ইচ্ছার ওপর, আর সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্বই।
দক্ষিণ জয় করে থালাপতি বিজয়ের এই নতুন রাজনৈতিক দল বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার!










































