স্টাফ রিপোর্টার ।।
খুলনা মহানগরীজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। নগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, পরোয়ানাভুক্ত অভিযুক্ত, নারী নির্যাতন মামলা ও সন্ত্রাসবিরোধী আইনের আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেএমপি।
খুলনা সদর থানা (৮ জন):
খুলনা সদর থানা পুলিশ লবণচরা থানাধীন হরিণটানা খোলাবাড়ীয়া ও রিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের (মামলা নং-৩৩) এজাহারনামীয় ও তদন্তে সন্দিগ্ধ ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ আলী (১৯), মোঃ শুভ ইসলাম (১৮) এবং আইনের সংঘাতে জড়িত ৬ শিশু-কিশোর মোঃ রাজ (১৫), মোঃ ফাহিম খান (১৪), মোঃ আরাফাত ইসলাম নাহিদ (১৭), মোঃ ইয়ামিন শেখ (১৪), মোঃ সুজন ইসলাম (১৭) ও মোঃ মহারাজ মোল্লা (১৫)।
লবণচরা থানা (২ জন):
নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির মামলায় হাসনাহেনা (৩৮) ও মনিরুজ্জামান (৫০) নামের দুই আসামিকে উত্তর হরিণটানা এলাকা থেকে গ্রেফতার করেছে লবণচরা থানা পুলিশ।
খানজাহান আলী থানা (১ জন সাজাপ্রাপ্ত):
মাদক মামলার ১ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ নুরুজ্জামানকে (২১) মশিয়ালী পূর্বপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানা (১ জন সাজাপ্রাপ্ত):
গল্লামারী মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত আসামি মোঃ শাহিন শেখকে (৩৬) গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।
খালিশপুর থানা (১ জন):
চুরি সংক্রান্ত দণ্ডবিধির মামলায় (মামলা নং-১১) বঙ্গবাসী এলাকা থেকে এস এম কামরুজ্জামান ফাহিমকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
দৌলতপুর থানা (১ জন):
সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি সুশান্ত কুমার দে-কে (৪৫) দৌলতপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। কেএমপি জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে নগরজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











































