স্পোর্টস ডেস্ক ।।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের সতীর্থ ও ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুড়েল। এই তরুণ ওপেনারের পারফরম্যান্স এবং খেলার ধরন দেখে জুড়েল অকপটে স্বীকার করেছেন, বৈভবের প্রতিভা সাধারণ হিসাব-নিকাশ বা তুলনার একেবারেই বাইরে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ১.১ কোটি টাকায় রাজস্থান তাকে দলে নেওয়ার পর থেকেই বৈভবকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেই প্রত্যাশারও জবাব দিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার পডকাস্ট ‘ব্যায়ঠ অ্যান্ড বোল’-এ আলাপকালে বৈভবকে নিয়ে জুড়েল বলেন, ‘বৈভব সব প্রশংসারই যোগ্য। ও যা করে, সেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না।
১৫ বছরের একটা ছেলে সবাইকে ব্যাট চালাচ্ছে, সত্যিই অবিশ্বাস্য। ওকে নিয়ে কোনো হিংসা নেই, তুলনাও নেই। তুলনা করার মতো কী-ই বা আছে? এটা আমাদের কল্পনারও বাইরে। তুলনা তখনই হয়, যখন মনে হয় যে আপনিও একই রকম কিছু করতে পারবেন।
কিন্তু ও একেবারেই আলাদা। অবিশ্বাস্য প্রতিভা। আমরা শুধু মুগ্ধ হয়ে দেখি বলে যোগ করেন তিনি।
শুধু বৈভবের প্রশংসাই নয়, তার সঙ্গে ব্যাট করার সময় সতীর্থদের উপর আলাদা চাপ তৈরি হয় মজার ছলে সেটাও জানিয়েছেন জুড়েল। তার কথায়, ‘পাওয়ারপ্লেতে ও যেভাবে মারতে থাকে, ওকে দেখে মনে হয়, আমরা সুযোগ পেলেই আমাদেরও মারতে শুরু করা উচিত। কারণ ও তো একটানা মারতেই থাকে।’
আইপিএলের পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের হয়েও নজর কেড়েছেন বৈভব। এরপর জুলাইয়ে ইংল্যান্ড সফরে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক সিরিজে অবশ্য প্রত্যাশামতো রান করতে পারেননি তিনি। তিন ম্যাচে তার সংগ্রহ ছিল ১৪, ১৩ এবং ১৫ রান।
তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে পরের সিরিজেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান বাঁ হাতি এই ব্যাটার। তিন ম্যাচে ১৫১ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও পান বৈভব। ওই সিরিজে তার ব্যাট থেকে আসে দুটি অর্ধশতরান।
এরপর আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অবশ্য ভারতীয় একাদশে জায়গা হয়নি বৈভবের। তার পরিবর্তে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেন দলে ফিরে আসা সঞ্জু স্যামসন। সিরিজটি ভারত ৩-০ ব্যবধানে জেতে।
২০২৬ এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলেও জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশী। তবে সঞ্জু স্যামসন দলে থাকায় আসন্ন ম্যাচগুলিতে তাকে প্রথম একাদশে সুযোগ পেতে অপেক্ষা করতে হতে পারে।











































