স্পোর্টস ডেস্ক ।।
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর গালায় সেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াশিন অ্যাওয়ার্ডের জন্য মনোনয়নও পেয়েছেন তিনি।
তবে এরপরই আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইয়ে অস্বস্তিকর এক ভুল করে বসেছেন এই গোলরক্ষক। আফ্রিকান কাপ অব নেশনসের পরবর্তী আসরের বাছাইপর্বের প্রথম ম্যাচে মালির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে কেপ ভার্দে।
ম্যাচের প্রথম দুই গোলে ভোজিনিয়ার কোনো দায় ছিল না। মার্শিয়াল তিয়া ও নেনে দোরগেলেস গোল দুটি করেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে, ৫০ মিনিটে, ঘটে বিপত্তি। তখনও ২-১ গোলে এগিয়ে মালি।
কেপ ভার্দের হয়ে সমতা ফেরানো গোলটি করেছিলেন সিডনি লোপেস কাবরাল, যিনি ২০২৬ বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতেছিলেন।
মালির রক্ষণভাগ থেকে একটি লম্বা বল কেপ ভার্দের পেনাল্টি এলাকার দিকে এলে গোলপোস্ট ছেড়ে সামনে চলে আসেন ভোজিনিয়া। বলটি নিয়ন্ত্রণে নিতে বুক দিয়ে বল থামানোর চেষ্টা করেন তিনি। কিন্তু বল ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে না পারায় বিপদে পড়ে যান।
ভোজিনিয়া পজিশনের বাইরে চলে যাওয়ার সুযোগে দ্রুত বল কেড়ে নেন মালির এক খেলোয়াড়। এরপর প্রায় ফাঁকা গোলপোস্ট পেয়ে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন দোরগেলেস। ভোজিনিয়া তখন গোলপোস্ট থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে সেই আক্রমণ দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি।
ভোজিনিয়ার এই ভুলটি এসেছে তার ক্যারিয়ারের বিশেষ এক সময়ে। চলতি সেপ্টেম্বরের শুরুতেই তিনি জানতে পারেন, ব্যালন ডি’অর গালায় বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াশিন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তিনি।
মনোনয়নের পর আবেগাপ্লুত ভোজিনিয়া বলেছিলেন, ‘কিছু মুহূর্ত এত বড় মনে হয়… যতক্ষণ না একদিন আমরা বুঝতে পারি, পুরো যাত্রাটাই মূল্যবান ছিল। আজকের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। আমি কোথা থেকে এসেছি, কী কী অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, ত্যাগ, কঠিন সময় এবং যারা পুরো পথ আমার পাশে ছিলেন, তাদের কথা মনে পড়ছে।’
মালির বিপক্ষে ভুলের পর অবশ্য দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ভোজিনিয়া। আগামী মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, দুপুর ১টায় রুয়ান্ডার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। গ্রুপ কে-তে নিজেদের প্রথম জয়ের সন্ধানে থাকা দলটির সমর্থকদের সামনে ভালো পারফরম্যান্স দিয়ে এই ভুলের জবাব দেওয়ার সুযোগ থাকছে তার।











































