Home স্বাস্থ্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সময় যে ভুলগুলো এড়াবেন

ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সময় যে ভুলগুলো এড়াবেন

7

মিলি রহমান।।

শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ। বিশেষ করে হাড়ের গঠন ও শক্তি ধরে রাখতে এই ভিটামিনের প্রয়োজনীয়তা রয়েছে। শরীরে এর ঘাটতি দেখা দিলে নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে। সূর্যের আলো ভিটামিন ডি পাওয়ার অন্যতম প্রাকৃতিক উৎস।

এ কারণে প্রতিদিন কিছু সময় রোদে থাকার পরামর্শও দেন চিকিৎসকরা। তবে তীব্র রোদের মধ্যে দীর্ঘ সময় থাকা সবসময় নিরাপদ নয়।

তাই শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে অনেকেই সাপ্লিমেন্টের দিকে ঝুঁকছেন। কিন্তু প্রয়োজনীয় এই ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণের ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম।
ভুলভাবে খেলে উপকারের বদলে সমস্যা তৈরি হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসক তরঙ্গ কৃষ্ণ।

তার মতে, শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হতে দেওয়া উচিত নয়। এই ভিটামিনের অভাবে অস্থিসংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সূর্যের আলো ছাড়াও কিছু খাবার থেকে ভিটামিন ডি পাওয়া যায়। তবে অনেকের ক্ষেত্রে খাবার থেকে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন ডি পাওয়া কঠিন হওয়ায় সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে।

খালি পেটে নয়

ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো কখন এবং কীভাবে এটি খাওয়া হচ্ছে। চিকিৎসক তরঙ্গ কৃষ্ণের ভাষ্য, ভিটামিন ডি পানিতে দ্রবণীয় নয়; এটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ফলে খালি পেটে খেলে শরীর এটি যথাযথভাবে শোষণ করতে পারে না।

অনেকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ভিটামিন ডি-এর ক্যাপসুল খেয়ে নেন। চিকিৎসকের মতে, এভাবে খেলে কাঙ্ক্ষিত উপকার নাও মিলতে পারে। বরং স্বাস্থ্যকর ও কিছুটা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীরে এর শোষণ ভালোভাবে হতে পারে।

অতিরিক্ত ভিটামিন ডি-ও সমস্যা তৈরি করতে পারে

শরীরে প্রয়োজনের তুলনায় বেশি ভিটামিন ডি প্রবেশ করলেও সমস্যা হতে পারে। চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত ভিটামিন ডি শরীরে ক্যালশিয়ামের শোষণ বাড়াতে পারে। সেই ক্যালশিয়াম হাড়ে পৌঁছানোর প্রক্রিয়ায় ভিটামিন কে২-এর ভূমিকা রয়েছে।

তাঁর মতে, শরীরে ভিটামিন কে২-এর ঘাটতি থাকলে অতিরিক্ত ক্যালশিয়াম সঠিকভাবে হাড়ে না গিয়ে অন্যত্র জমা হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার সময় ভিটামিন কে২-এর বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

সাপ্লিমেন্ট কেনার আগে লেবেল দেখুন

ভিটামিন ডি৩-এর সাপ্লিমেন্ট কেনার সময় এর উপাদান সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি বলে মনে করেন চিকিৎসক তরঙ্গ কৃষ্ণ। তার পরামর্শ অনুযায়ী, ভিটামিন ডি৩-এর সঙ্গে ভিটামিন কে২ রয়েছে কি না, তা সাপ্লিমেন্টের লেবেল দেখে নেওয়া যেতে পারে।

তবে সবার জন্য একই মাত্রায় ভিটামিন ডি সাপ্লিমেন্ট প্রয়োজন হয় না। শরীরে ভিটামিন ডি-এর মাত্রা, বয়স ও অন্যান্য শারীরিক বিষয় বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করাই নিরাপদ।

শুধু ভিটামিন ডি খেলেই হবে না, কখন খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন এবং প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাচ্ছে কি না, সেদিকেও নজর রাখা জরুরি।