ঢাকা অফিস
রাজধানীর মোহাম্মদপুর জহুরী মহল্লার বিহারি পট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ১৫মিনিটের দিকে আগুনের সংবাদ ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান জানান, বিকেল ৪টা ১৫ মিনিটে বিহারী পট্টিতে আগুন লাগার খবরে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় আরো তিনটি ইউনিট যোগ দেয়। পরে বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ, হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এই অপারেটর।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে শতাধিক ঘর ও দোকান পুড়ে যায়। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা বাবুল মিয়া জানান, গুলশান নিকেতনের পশ্চিম পাশের ওই এলাকাতে সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।











































