দিঘলিয়া প্রতিনিধি।।
খুলনার দিঘলিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে মনিরুল ইসলাম মুন্সী (৬০) নামে এক প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে রক্তাক্ত জখম হয়েছে।
পুলিশী ঝামেলা এড়াতে প্রাথমিকভাবে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনা জানাজানির পর তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মনিরুল ইসলাম মুন্সী লাখোহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মৃত মহিউদ্দিন মুন্সীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে লাখোহাটি গ্রাম নিবাসী ও লাখোহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মুন্সীর সাথে একই গ্রামের মৃত হোসেন মুন্সীর পুত্র তরিক মুন্সী (৩২) এর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তরিক মুন্সী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মুন্সীর ওপর হামলা চালায়।
এ হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে রক্তাক্ত জখম হন। উল্লেখ্য প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মুন্সির নিকট তার এক স্বজন ৬০ হাজার টাকা পাবে। উক্ত পাওনা টাকা নিয়ে সালিশির মাঝে মনিরুল ইসলাম মুন্সি ও তরিকুল ইসলামের মধ্যে বাকযুদ্ধের এক পর্যায়ে হঠাৎ করে তরিক মুন্সি প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মুন্সির মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে।
ঘটনার পর পুলিশী ঝামেলা এড়ানোর জন্য আহত প্রধান শিক্ষককে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের নিকট চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় ৬ টা সিলাই দেওয়া হয়েছে। ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় পরবর্তীতে তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।











































