Home বিনোদন যে কারণে ‘বিগ বস’-এ গিয়েছিলেন নোরা

যে কারণে ‘বিগ বস’-এ গিয়েছিলেন নোরা

1

বিনোদন ডেস্ক।।

বলিউডে নোরা ফাতেহির পরিচিতি এখন নাচ ও অভিনয়ের জন্য। তবে এই জায়গায় পৌঁছানোর পথটা তার জন্য খুব একটা সহজ ছিল না।

ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক গানের কাজে যুক্ত হয়েও সময়মতো পারিশ্রমিক পাচ্ছিলেন না তিনি। সেই সময়ই আসে ‘বিগ বস’-এ যাওয়ার প্রস্তাব। আর শেষ পর্যন্ত একটি বিশেষ শর্তেই সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন নোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

নোরা জানান, তখন বেশ কয়েকটি গানের কাজ করেছিলেন তিনি। কিন্তু কাজ শেষ হলেও পারিশ্রমিক হাতে পেতে দেরি হচ্ছিল। প্রযোজকরা হয়তো তার এজেন্সিকে টাকা দিয়েছিলেন, কিন্তু সেই অর্থ তার কাছে পৌঁছাচ্ছিল না।

পারিশ্রমিক নিয়ে এই টানাপড়েনের মধ্যেই ‘বিগ বস’ থেকে ফোন আসে নোরার কাছে। তাকে অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে প্রথমে সরাসরি না করে দেন অভিনেত্রী।

কারণ, তখন রিয়ালিটি শো নিয়ে নোরার ধারণা খুব একটা ভালো ছিল না। তাই কর্তৃপক্ষকে নিজের আপত্তির কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু পরে তাকে ‘বিগ বস’-এর জন্য কত পারিশ্রমিক দেওয়া হবে, সেই অঙ্ক জানানো হয়।

আর সেটিই নোরার সিদ্ধান্ত বদলে দেয়। তবে শুধু পারিশ্রমিকের বিষয়টিই নয়, ‘বিগ বস’-কে নিজের ক্যারিয়ারের জন্যও কাজে লাগাতে চেয়েছিলেন নোরা। তিনি বুঝতে পেরেছিলেন, এই ধরনের জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মাধ্যমে খুব দ্রুত দর্শকের কাছে পরিচিত হওয়া যায়।

তখন নোরা ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে ‘বিগ বস’-এ প্রবেশ করেছিলেন। ফলে শোয়ে খুব বেশিদিন থাকার সম্ভাবনা ছিল না। তাই অল্প সময়ের এই সুযোগটাকে কিভাবে আরো বড় কাজে লাগানো যায়, সেটাও ভাবছিলেন তিনি।

নোরার তখন একটি নির্দিষ্ট লক্ষ্য ছিল—নাচের রিয়ালিটি শো ‘ঝালাক দিখলা যা’-এ অংশ নেওয়া। তাই ‘বিগ বস’-এ যোগ দেওয়ার আগে কর্তৃপক্ষের সামনে নিজের শর্ত রাখেন তিনি।

নোরা জানান, তাকে ‘ঝালাক দিখলা যা’-এও সুযোগ দিতে হবে। একই চ্যানেলের অনুষ্ঠান হওয়ায় শেষ পর্যন্ত তার সেই শর্ত মেনে নেওয়া হয়। এরপর ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পাশাপাশি ‘ঝালাক দিখলা যা’-এও জায়গা করে নেন তিনি।

২০১৫ সালের ডিসেম্বরে ‘বিগ বস ৯’-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছিলেন নোরা। ২০১৬ সালের জানুয়ারিতে শো থেকে বাদ পড়েন। তবে অল্প সময়ের সেই উপস্থিতি তাকে দর্শকের কাছে আরো পরিচিত করে তোলে।

‘বিগ বস’-এ থাকাকালীন প্রিন্স নারুলার সঙ্গেও নোরার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। দুজনকে প্রায়ই খুনসুটি করতে দেখা যেত। এমনকি নোরাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন প্রিন্স।

পরে অবশ্য নোরার ক্যারিয়ার এগিয়েছে নিজের গতিতে। অল্প সময়ের জন্য ‘বিগ বস’-এর ঘরে থাকলেও সেই অভিজ্ঞতা নোরার ক্যারিয়ারে নতুন সুযোগের দরজা খুলে দেয়। আর সেই যাত্রার শুরুটা হয়েছিল পারিশ্রমিক নিয়ে ঝামেলা এবং নিজের ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার একটি কৌশল থেকেই।