ঢাক অফিস।।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে হুমায়ুন কবির বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা আরো বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার অংশীদারি আরো গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন হুমায়ুন কবির।
জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো গভীর করতে জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ, সামুদ্রিক নৌপরিবহন ব্যবস্থা এবং উচ্চপর্যায়ের সফরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সুযোগ নিয়েও মতবিনিময় করা হয়।











































