ঢাকা অফিস।।
দক্ষিণ কেরানীগঞ্জে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ১২ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ফেলে রাখা জব্দ একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই থানা-পুলিশ বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজগর হোসেন বলেন, আমার থানার সামনে মামলার আলামত হিসাবে থাকা পরিত্যক্ত গাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে আব্দুল্লাহপুর এলাকায় ওভার ব্রিজের উপর থেকে একটি ককটেল বোমা নিক্ষেপ করে নাশকতার সৃষ্টি করতে চেয়েছিল দুর্বৃত্তরা। আমরা ইতোমধ্যে দুটি ঘটনা নিয়েই কাজ করছি। আশা করছি, অতিশিগগিরই আসামি গ্রেপ্তার করতে পারব।











































