ঢাকা অফিস।।
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে সূত্রাপুর থানাধীন শ্যামবাজারের একটি বাসায় এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ইমন সিদ্দিক নামে এক ব্যক্তি নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে পরিবারের অন্য সদস্যরাও এতে অগ্নিদগ্ধ হন।
পরে অগ্নিদগ্ধ পাঁচজনকে সন্ধ্যায় দিকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অগ্নিদগ্ধরা হলেন, সিদ্দিক (৩৫) তার ছেলে ইমন (২৫) ভাগিনা রাজিব (৩৫) ভাগ্নি তানিয়া (১৮),ভাগিনা দুলু মিয়া (৩৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বলেন, সূত্রাপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাদের সবার অবস্থাই গুরুতর। দগ্ধদের মধ্যে একজনের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে।











































