কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই চিকিৎসক আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের তিন বছর বয়সী ছেলে রাফি পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত মেডিকেল অফিসার শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন। একপর্যায়ে তারা হাসপাতালের ১১ নম্বর কক্ষ, মেডিকেল অফিসারের কক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালান।
এ ঘটনায় ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামে দুই চিকিৎসক আহত হয়েছেন।
মিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভাঙচুরের শিকার হাসপাতালটি পরিদর্শন করেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, স্বজনদের প্রিয়জন হারানোর বেদনার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হলেও হাসপাতালের জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত করছে।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিয়ুস কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”











































