Home জাতীয় শেখ হাসিনার অডিও ইস্যুতে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

শেখ হাসিনার অডিও ইস্যুতে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

5

ঢাকা অফিস।।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ওসি রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।

অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। ’ পরে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’ অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ বলেও মন্তব্য করতে শোনা যায়।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এবং গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা পৃথক অফিস আদেশে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। একই ঘটনায় এর আগে ওসি মো. দাউদ হোসেনকেও ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।