Home জাতীয় সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে চিঠি আদান-প্রদান চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে চিঠি আদান-প্রদান চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

5

ঢাকা অফিস।।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি, ফ্যাসিবাদী সরকারের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীসহ গতকাল যাদের সাজা হয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং শহিদ শরিফ ওসমান হাদি হত্যায় যুক্ত সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মানুযায়ী কাজ ও চিঠিপত্র আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আদালতের রায় যেহেতু গতকাল হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব কাগজপত্র হাতে পাওয়া মাত্রই আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আমাদের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের কাছ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট উত্তর আমরা পাইনি। তবে যত দূর জানা গেছে, তাদের নিজস্ব একটি আইনি প্রক্রিয়া হয়তো রয়েছে, যা বর্তমানে চলমান। আসামিদেরকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পর থেকেই আমাদের যে বিশাল সংখ্যক বাংলাদেশি দেশের বাইরে অবস্থান করেন, সেই অভিবাসন প্রক্রিয়াটিকে কীভাবে আরও সুসংহত ও সুগম করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা ইতোমধ্যে এ ব্যাপারে বহু উদ্যোগ নিয়েছি এবং একটি ‘মাইগ্রেশন সেল উইং’ খোলা হয়েছে।