আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠে সংবাদ সংগ্রহে থাকা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি)।
এনবিসি লস অ্যাঞ্জেলেস নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নিউজচপার৪, যা টেলিমুন্ডো ৫২-এর জন্যও কাজ করত। মঙ্গলবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে সেটি সেখানে অবস্থান করছিল।
এলএফডির এক মুখপাত্র বার্তাসংস্থা বিবিসিকে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে দুটি বাণিজ্যিক ভবনের মাঝের এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে কতজন ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়ে চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনারে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ৭০ জনের বেশি দমকলকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
এনবিসি৪-এর সরাসরি সম্প্রচারে আবেগাপ্লুত হয়ে স্থানীয় সংবাদ উপস্থাপক কোলিন উইলিয়ামস নিশ্চিত করেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের সংবাদমাধ্যমেরই। তিনি বলেন, তারা জানতেন একটি সংবাদ হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল এবং পরে সেটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে এলএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একজনকে সেটির বাইরে পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার সময় এলাকায় বেশ কয়েকটি সংবাদ হেলিকপ্টার ছিল। তারা দিনের শুরুতে ঘটে যাওয়া একটি বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করছিল। ওই দুর্ঘটনায় একটি এসইউভি শহরের একটি বাসে ধাক্কা দিলে দুজন নিহত এবং ছয়জন আহত হন।
হেলিকপ্টার দুর্ঘটনার পর লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) সামাজিক যোগাযোগমাধ্যমে এনবিসি৪-এর নিহত কর্মীদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেন, চ্যাটসওয়ার্থে প্রাণহানির ঘটনায় তিনি ‘অত্যন্ত মর্মাহত’। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
দুর্ঘটনার কারণ জানতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) নেতৃত্বে তদন্ত শুরু হবে।











































