স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে খুলনা জেলায় দুইজন এবং বাগেরহাটে একজন রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ও জেলাভিত্তিক পরিসংখ্যান:
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন ভর্তি ২৯০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে ভয়াবহ অবস্থা খুলনা জেলায়, যেখানে এক দিনেই সর্বোচ্চ ১৩৯ জন (সরকারি ৬৬ ও বেসরকারি ৭৩) নতুন রোগী শনাক্ত হয়েছে।
অন্যান্য জেলার মধ্যে— খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল: ৫৭ জন, যশোর: ২৫ জন, বাগেরহাট: ১৮ জন, সাতক্ষীরা: ১৬ জন, কুষ্টিয়া ও ঝিনাইদহ: ১০ জন করে, নড়াইল: ৭ জন, চুয়াডাঙ্গা: ৪ জন, মাগুরা ও মেহেরপুর: ২ জন করে
বছরের সামগ্রিক চিত্র:
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯ হাজার ৩৯৯ জনে। এর মধ্যে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩৩ জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (২০ জন) এবং খুলনা জেলা হাসপাতাল (৮ জন)। এছাড়া বাগেরহাটে ৩ জন ও যশোরে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য দপ্তর আরও জানায়, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর অবস্থাজনিত কারণে ২২৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।










































