Home আঞ্চলিক পিরোজপুরে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, চিকিৎসাধীন ১

পিরোজপুরে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, চিকিৎসাধীন ১

2

পিরোজপুর প্রতিনিধি।।

পিরোজপুরের নেছারাবাদে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় কুদ্দুস (৭০) নামের আরেক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির শেখ নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খলনী গ্রামের বাসিন্দা মো. আব্দুল জলিল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রাজাবাড়ি গ্রামের তারা মিয়ার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে সেন্টারিং খোলার কাজ চলছিল। সকালে ঢাকনা খুলে প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন মনির শেখ। কিছুক্ষণ পর তার সহযোগী কুদ্দুসও ভেতরে নামেন। একপর্যায়ে দুজনই অচেতন হয়ে পড়েন।

বিষয়টি টের পেয়ে পাশের ভবনে কাজ করা কয়েকজন শ্রমিক তাদের উদ্ধার করেন। পরে তাদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মনির শেখকে মৃত ঘোষণা করেন।

মনির শেখের বাবা আব্দুল জলিল শেখ জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তার ছেলে। পরে সেপটিক ট্যাংকের ভেতরে নামার পর অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় শ্বাসরুদ্ধ হয়ে মনির শেখের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। অপর শ্রমিক কুদ্দুস চিকিৎসাধীন রয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশের পর মনির শেখ অচেতন হয়ে মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন। একই ঘটনায় আরেক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মনির শেখের মরদেহ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।