স্টাফ রিপোর্টার।।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিভিন্ন থানা এলাকাভিত্তিক পরিচালিত বিশেষ অভিযানে মাদকসেবী, পেশাদার চোর ও একাধিক মামলার আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য আলামত। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনকে বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন এবং একজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানা:
গত ১৩ সেপ্টেম্বর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কেএমপি সিটি কলেজ হোস্টেলের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলাম (২৪) নামের এক আসামিকে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া ১৪ সেপ্টেম্বর সোনাডাঙ্গার শিববাড়ী মোড়স্থ পালপাড়া রোড এলাকা থেকে পেশাদার চোর রাব্বি (২৩)-কে গ্রেফতার করে পুলিশ। পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
খালিশপুর থানা:
খালিশপুর থানা পুলিশ ১৪ সেপ্টেম্বর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে পেনাল কোডের ছিনতাই মামলার আসামি মোঃ মনিরুল ইসলাম মন্ডল (৩৮)-কে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনিরুলের বিরুদ্ধে বিভিন্ন আইনে মোট ১৬টি মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একই দিন নয়াবাটি মোড় পাকা রাস্তার ওপর থেকে রেজুয়ান (৩৫) নামের অপর এক আসামিকে ১ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। সংক্ষিপ্ত বিচারে বিজ্ঞ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেন।
দৌলতপুর থানা:
গত ১৩ সেপ্টেম্বর দৌলতপুর থানা পুলিশ আঞ্জুমান রোড মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিছনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মহিবুল্লাহ খান মুহিব (৩০)-কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।











































