শাহ তানভীর আহমেদ।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ খুলনা রূপসা ঘাটে পারাপারের টোল দ্বিগুণ করা হলেও অবিশ্বাস্যভাবে কমেছে সরকারের রাজস্ব আয়। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিয়ন্ত্রণে থাকা অবস্থায় যে ঘাট থেকে বছরে আয় হতো প্রায় ৬৮ লাখ টাকা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে যাওয়ার পর গত ৯ মাসে সেখানে জমা পড়েছে মাত্র ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
প্রতিদিন এই ঘাট দিয়ে গড়ে প্রায় ৫০ হাজার যাত্রী পারাপার করলেও আয়ের এই বিশাল ঘাটতি টোল আদায় প্রক্রিয়ার স্বচ্ছতা ও রাজস্ব ব্যবস্থাপনার চরম বিশৃঙ্খলাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
নথিপত্র ও ইজারাদারের হিসেবে আড়াই লাখের বেশি গরমিল
বিআইডব্লিউটিএ’র তথ্য অনুযায়ী, ঘাটটির নিয়ন্ত্রণ নেওয়ার পর মো. শেখ আলী আকবরকে মাসে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা খাস আদায়ের দায়িত্ব দেওয়া হয়। সে হিসাবে ৯ মাসে সরকারের পাওয়ার কথা ছিল ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
তবে ইজারাদার শেখ আলী আকবরের দাবি, তিনি এ পর্যন্ত কোষাগারে জমা দিয়েছেন ১৪ লাখ ৭ হাজার টাকা। ফলে সরকারি নথির হিসাবের সঙ্গে ইজারাদারের দেওয়া তথ্যে অন্তত ২ লাখ ৮০ হাজার টাকার বড় ধরনের গরমিল পরিলক্ষিত হচ্ছে।
নিয়মবহির্ভূত টোল আদায় ও চরম যাত্রী দুর্ভোগ
ঘাটে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের অভিযোগ, এক টাকার টোল দুই টাকা করার পাশাপাশি যাত্রীদের সঙ্গে থাকা ছোট-বড় ব্যাগ, বস্তা বা ব্যক্তিগত মালামালের জন্যও অতিরিক্ত অর্থ চাওয়া হচ্ছে। শ্রমিকের কাজ ব্যবহার না করলেও জোরপূর্বক এই টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন রেহানা বেগম নামের এক পথচারী।
যাত্রীরা আরও জানান, টোল আদায়কারীদের খামখেয়ালিপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণের পাশাপাশি ঘাটের পন্টুন ও গ্যাংওয়ের অবস্থা অত্যন্ত নাজুক। যেকোনো মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হচ্ছেন।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে প্রকাশ্যে হরিলুট চলছে। পার্শ্ববর্তী জেলখানা ঘাটে যেখানে টোল মুক্তভাবে মানুষ পার হয়, সেখানে রূপসা ঘাটে বাড়তি টোলের পাশাপাশি ব্যাগ তুললেই টাকা দিতে হচ্ছে।”
ইজারাদারের যুক্তি ও ওজোর
অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে ইজারাদার মো. শেখ আলী আকবর জানান, ঘাটের সার্বিক কার্যক্রম সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়। ব্যবসায়ীরা স্বেচ্ছায় পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে কিছু টাকা দেন দাবি করে তিনি বলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে আইনি লড়াই করে তিনি এ রাজস্ব আদায়ের অধিকার অর্জন করেছেন। এছাড়া সারা দেশেই পন্টুন ঘাটে দুই টাকা করে টোল নেওয়ার বিধান রয়েছে বলেও তিনি দাবি করেন।
একচ্ছত্র আধিপত্য: এক ইজারাদারের কব্জায় খুলনার ৬ ঘাট
অনুসন্ধানে দেখা যায়, শুধু রূপসা ঘাটই নয়, খুলনার আরও ৫টি গুরুত্বপূর্ণ ঘাট—কালীবাড়ী, মহেশ্বরপাশা, হার্ডবোর্ড-চন্দনীমহল, ব্যারাকপুর এবং কাস্টমঘাট ফেরিঘাটের নিয়ন্ত্রণও গত প্রায় দুই বছর ধরে এককভাবে শেখ আলী আকবরের হাতেই রয়েছে। ৫ আগস্টের পর কোটেশনের মাধ্যমে বিআইডব্লিউটিএ তাকে এসব ঘাটের দায়িত্ব দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
আইনি জটিলতা ও কোটেশন প্রথার জাঁতাকল
জাতীয় সংসদ নির্বাচনের পর বিআইডব্লিউটিএ কোটেশন ব্যবস্থা বাতিল করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঘাটগুলো ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে রূপসা ঘাটের ইজারামূল্য ৭৫ লাখ টাকাসহ ৬টি ঘাটের জন্য মোট নির্ধারিত দর ধরা হয় ১ কোটি ২৩ লাখ টাকা।
কিন্তু ইজারাদার লোকসানের অজুহাত দেখিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত দরপত্র প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেন। এই আইনি স্থগিতাদেশের সুযোগ নিয়ে খাস আদায়ের নামে নামমাত্র টাকা জমা দিয়ে বছরের পর বছর একই ব্যক্তি ঘাটগুলো পরিচালনা করছেন, যার ফলে সরকার কোটি কোটি টাকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ খুলনার উপপরিচালক মো. মাসুদ পারভেজ জানান, ইজারাদার আইনি পদক্ষেপ নিয়ে টেন্ডার প্রক্রিয়া আটকে রাখায় নতুন করে ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অচলাবস্থা কাটিয়ে ঘাটগুলো পুনর্নিয়মে বার্ষিক উন্মুক্ত ইজারায় ফেরাতে প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে।











































