Home খেলাধুলা এমবাপ্পের জোড়া গোল, রায়োকে উড়িয়ে বার্সার সমান রিয়াল

এমবাপ্পের জোড়া গোল, রায়োকে উড়িয়ে বার্সার সমান রিয়াল

2

স্পোর্টস ডেস্ক।।

রিয়াল বেতিসের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে উড়িয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনার সঙ্গে সমতায় ফিরেছে তারা।

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই দাপট দেখানো রিয়াল প্রথম ৩৫ মিনিটেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। চলতি মৌসুমে পাঁচ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ জয়।

১৪ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। আলভারো কারেরাসকে বক্সের ভেতর ফাউল করা হলে স্পটকিক পায় স্বাগতিকরা।

গোলরক্ষক এমিল অডেরোকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল।

এবার গোলদাতা কারেরাস। এমবাপ্পের বাড়ানো বল পেয়ে বাম প্রান্তের এই ডিফেন্ডার জোরালো শটে রায়োর জালে বল পাঠান।
৩৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন জুড বেলিংহাম। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল দারুণ এক আক্রমণ শেষে বক্সের ভেতর পেয়ে নিখুঁত শটে জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে নিজের দ্বিতীয় গোলটি পেতে পারতেন এমবাপ্পে। তবে তার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। এতে লা লিগায় চলতি মৌসুমে তার গোলসংখ্যা ছয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ করে রায়ো। ৫৫ মিনিটের দিকে সার্জিও কামেয়োর গোলে ব্যবধান কমায় সফরকারীরা।

তবে ম্যাচের শেষ কথা বলে রিয়ালই। যোগ করা সময়ে এমবাপ্পে দূরের পোস্ট লক্ষ্য করে নিচু ও জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন। তাতেই ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।

এই জয়ে রায়োর বিপক্ষে ঘরের মাঠে নিজেদের দাপট আরও বাড়াল রিয়াল। দলটির বিপক্ষে শেষ ১৫টি হোম ম্যাচের ১৪টিতেই জয় পেয়েছে তারা।

চার জয়ে রিয়ালের পয়েন্ট এখন বার্সেলোনার সমান। তবে বার্সেলোনা রোববার বাংলাদেশ সময় রাতে লেভান্তের বিপক্ষে জিতলে আবারও তিন পয়েন্টের ব্যবধান তৈরি করবে।