আন্তর্জাতিক ডেস্ক।।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যথাযথভাবে পরিচালিত না হলে তা মানবজাতির জন্য বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি এক ব্যক্তিগত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ওবামা এই সতর্কবার্তা দেন এবং প্রযুক্তিটির ঝুঁকি মোকাবেলায় কার্যকর নীতি প্রণয়নের জন্য ডেমোক্র্যাট নেতাদের প্রতি আহ্বান জানান।
ওবামা জানান, এআই খাতটি খুব দ্রুত ব্যক্তিগত মালিকানায় বিস্তৃত হচ্ছে, যা উপযুক্ত নিয়ন্ত্রণে না আনলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের (হাউস) নিয়ন্ত্রণ ফিরে পেলে হাউসের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিসকে এআই নীতি বিষয়ে একটি উন্মুক্ত আলোচনার কাঠামো তৈরি করার পরামর্শ দেন তিনি।
পাশাপাশি, ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদেরও এআই-এর নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় স্পষ্ট পরিকল্পনা রাখার আহ্বান জানান ওবামা।
সম্প্রতি ‘অ্যানথ্রোপিক’-এর গবেষকরা এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত অগ্রগতির কারণে মানবজাতির বিলুপ্তির ঝুঁকির কথা তুলে ধরেন।
এর পরপরই মার্কিন আইনপ্রণেতারা এই প্রযুক্তির ওপর কঠোর নিয়ম আরোপের দাবি জানান। এআই এজেন্টদের বিভ্রান্তিকর আচরণ এবং নিরাপত্তা উদ্বেগের কারণে বেশ কয়েকজন গবেষক প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার পর এই আলোচনা আরো জোরালো হয়।
উদ্ভূত পরিস্থিতিতে অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদি নতুন এআই মডেল তৈরির গতি কমানোর পরামর্শ দিলে ওপেনএআই-এর স্যাম অল্টম্যান ও এক্সএআই-এর ইলন মাস্কও তাতে সম্মতি জানান।











































