Home জাতীয় নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ

নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ

3

খুলনাঞ্চল রিপোর্ট।।


নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে নারীসহ চার জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিকাল ৫টায় বিষয়টি জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া। তবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তাদের কোনও সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিন জন। বিকালে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় নদীর প্রবল স্রোতে তিন জনই পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান।

পরে স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেও কাউকে উদ্ধার করতে পারেননি। শিবপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে কারও সন্ধান মেলেনি। পরে শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, ‌‘নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে আবার উদ্ধার অভিযান শুরু হবে। আমাদের নিজস্ব ডুবুরি দল না থাকায় ভৈরব থেকে ডুবুরি এনে উদ্ধারকাজ শুরু করা হবে।’

ওসি কোহিনূর মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ চার জনের নাম-ঠিকানা পাওয়া গেছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।’