সাতক্ষীরা প্রতিনিধি।।
বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের কারণে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঢোকানো সম্ভব হয়নি। পরে তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট নিয়ে কালিন্দী নদীর মধ্যস্থ চর এলাকার ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট নামক স্থানে আসে। সেখানে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে এলে বিজিবি সদস্যরা প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছান। তারা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঢোকাতে ব্যর্থ হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০ থেকে ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।










































